চলতি মাসের প্রথম ৬ দিনেই দেশে এলো ৭৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি

স্টাফ রিপোর্টার, ৭ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

চলতি মে মাসের প্রথম ছয় দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। সে তুলনায় চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৬ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৯ দশমিক ৬০ শতাংশ।

এর আগে গত এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স আসে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চ মাসে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে রেকর্ড গড়ে।

অর্থনীতিবিদরা বলছেন, বৈধ পথে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং ব্যাংকিং চ্যানেলে প্রণোদনার কারণে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।