স্টাফ রিপোর্টার | ৮ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
দক্ষ মানবপুঁজি তৈরি করতে শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রাজধানীর Sheraton Dhaka-এ ইউনিসেফ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
তিনি জানান, শিক্ষা খাতে দেশের মোট জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ও মানোন্নয়নে এ বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এহছানুল হক মিলন বলেন, বিগত সরকারের আমলে শিক্ষা খাতে বিনিয়োগ কখনোই দেড় শতাংশের বেশি হয়নি। দক্ষ মানবপুঁজি গড়ে তুলতেই বর্তমান সরকার শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ডিজিটাল ক্লাসরুম স্থাপনে আগের সরকার ব্যর্থ ছিল বলেও মন্তব্য করেন তিনি। জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাবের কারণে সেই উদ্যোগ সফল হয়নি উল্লেখ করে বর্তমান সরকার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ইন্টারেক্টিভ ডিজিটাল ক্লাসরুম প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।





