জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমানের বক্তব্য; মানবিক ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার | ১০ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এ ক্ষেত্রে সরকার পুলিশ বাহিনীর কাছ থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা প্রত্যাশা করে।

তিনি পুলিশ সদস্যদের নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করলেই দায়িত্ব শেষ হয় না; দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করাও সবার পবিত্র দায়িত্ব। তিনি বলেন, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী শক্তি পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

প্রধানমন্ত্রী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে পাকিস্তানি বাহিনীর হামলায় নিহত পুলিশ সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, রাজারবাগের প্রতিরোধ মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় জনগণের ভোটে গঠিত বর্তমান সরকার মানুষের শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সদস্যদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ পুলিশের সুনাম আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

তিনি বলেন, দেশের জনগণের সঙ্গে পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। বিশেষ করে নারী পুলিশ সদস্যদের আন্তর্জাতিক পর্যায়ে অবদান দেশের জন্য গর্বের বিষয়।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রামে মেজর জিয়ার বিদ্রোহ এবং ঢাকায় রাজারবাগ পুলিশের প্রতিরোধ স্বাধীনতার লড়াইকে আরও বেগবান করেছিল।

বক্তব্যের শেষে প্যারেডে অংশ নেওয়া পুলিশ ও র‌্যাব সদস্যদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী এবং ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর সার্বিক সাফল্য কামনা করেন।