এনসিপির প্রাথমিকভাবে ১০০ প্রার্থী ঘোষণা

দ্বিতীয় ধাপে আরও ১০০ জনের নাম ঘোষণা করা হবে ২০ মে; অন্যান্য দলের গ্রহণযোগ্য নেতাদেরও আবেদন করার সুযোগ

স্টাফ রিপোর্টার | ১০ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১০ মে) বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, “আমরা প্রাথমিকভাবে আজ ১০০ জন এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভা মেয়র ঘোষণা করছি।”

সারজিস আলম জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য এক হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে যাচাই-বাছাই করে প্রথম ধাপে ১০০ জনের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ঈদের আগেই, চলতি মাসের ২০ তারিখে দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন পর্যায়ে এনসিপির দায়িত্বশীল নেতাকর্মীদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিরাও এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবেন।

সারজিস আলম বলেন, “যারা মানুষের ওপর জুলুম-নির্যাতনের সঙ্গে সম্পৃক্ত ছিল না, কিংবা ফ্যাসিবাদী কর্মকাণ্ড বা অপরাধের সঙ্গে জড়িত নয়—তারা অন্য যে কোনো রাজনৈতিক দলের হলেও আবেদন করতে পারবে। যাচাই-বাছাই শেষে যোগ্য মনে হলে তাদেরও সুযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।”