স্টাফ রিপোর্টার | ১০ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর যুগে ভবিষ্যৎ প্রজন্মকে শুধু প্রযুক্তিগতভাবে দক্ষ করলেই চলবে না, তাদের নৈতিক শিক্ষায়ও সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, “তরুণদের মনোজগতে নৈতিকতার মজবুত ভিত্তি না থাকলে মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব নয়।”
রোববার রাজধানীর ড্যাফোডিল টাওয়ার মিলনায়তনে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা’ শীর্ষক জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সমাজ ও অর্থনীতি দ্রুত ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য—সব ক্ষেত্রেই এখন ডিজিটাল প্ল্যাটফর্মের প্রভাব বাড়ছে। তবে দেশের অনেক কাঠামো এখনও সেই গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না।
তিনি বলেন, “আমাদের রাষ্ট্রকে দ্রুত আধুনিক ডিজিটাল চরিত্রে রূপান্তর করতে হবে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় তরুণদের মূল্যবোধ তৈরিতে সহায়ক কনটেন্ট প্রচারের ওপর গুরুত্ব দিতে হবে।”
৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, একজন রাষ্ট্রনায়ক বা দায়িত্বশীল ব্যক্তির নৈতিক মানদণ্ড সঠিক না থাকলে তার পরিণতি ভালো হয় না।
তিনি আরও বলেন, “মানুষের মধ্যে জন্মগতভাবে কিছু পাশবিক প্রবৃত্তি থাকে। সেগুলো নিয়ন্ত্রণে শৈশব থেকেই সুকুমার বৃত্তির চর্চা প্রয়োজন। শিক্ষাব্যবস্থা ও কারিকুলামে নৈতিক শিক্ষার প্রতিফলন থাকতে হবে।”
জহির উদ্দিন স্বপন বলেন, অতীতে দেশে দুর্বৃত্তায়নের সংস্কৃতি ছিল। তখন ভালো উদ্যোগ বা সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করার পরিবেশ ছিল না। বর্তমানে সেই পরিস্থিতি বদলেছে এবং মুক্ত আলোচনার সুযোগ তৈরি হয়েছে।
তিনি এই সুযোগ কাজে লাগিয়ে একটি নৈতিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক মো. মঈনউদ্দিন খান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান।
সেমিনার শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন।




