স্টাফ রিপোর্টার | ১১ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পর্যায়ক্রমে ৮০ হাজার আইনজীবীকে উন্নত প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি দেশের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
আজ সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাব-এ আয়োজিত ‘ট্রান্সফরমেশন অব লিগ্যাল প্র্যাকটিস থ্রু ইমার্জিং টেকনোলজিস অ্যান্ড এআই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ইয়াং ব্যারিস্টাররা অনুষ্ঠানের আয়োজন করে।
আইনমন্ত্রী বলেন, বিদেশ থেকে ইংরেজি মাধ্যমে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করে দেশে ফেরা শিক্ষার্থীদের জন্য বার কাউন্সিলের বর্তমান এনরোলমেন্ট পরীক্ষা পদ্ধতি জটিল হয়ে দাঁড়িয়েছে। কারণ পরীক্ষার প্রশ্ন বাংলা ভাষায় প্রণয়ন করা হয়। এ পদ্ধতির সংস্কার প্রয়োজন বলে তিনি মত দেন।
তিনি আরও বলেন, মেধাবী নতুন আইনজীবীদের সুপ্রিম কোর্টে পেশাগত দক্ষতা প্রয়োগের সুযোগ সৃষ্টি করতে হবে। বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার জটিলতার কারণে অনেক মেধাবী আইনজীবী বিভিন্ন কোম্পানিতে চাকরিতে যোগ দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
বিচার বিভাগের বাজেট বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আদালতে কোর্ট ফি ও স্ট্যাম্প বিক্রি থেকে বছরে ১৫ হাজার কোটি টাকার বেশি আয় হলেও পুরো বিচার বিভাগের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ মাত্র ২ হাজার ২০০ কোটি টাকা।
অনুষ্ঠানে ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, জয়নুল আবেদীন, এম মাহবুব উদ্দিন খোকন এবং ফারজানা শারমীনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





