দেশের স্বার্থে একযোগে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ভিন্নমতের প্রতিফলন শুধু ভোটের বাক্সে হওয়া উচিত বলে মন্তব্য

স্টাফ রিপোর্টার | ১১ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

দেশের স্বার্থে ভিন্নমতের ঊর্ধ্বে উঠে একযোগে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “এই দেশটা আমাদের সবার। সবাই মিলে দেশটাকে রক্ষা করতে হবে। আমরা সবাই একই মতাদর্শের নাও হতে পারি। কিন্তু আপনারা যখন সরকারের সঙ্গে কাজ করবেন, সেই কাজের মধ্যে যেন নিজেদের ভিন্ন মতাদর্শ প্রতিফলিত না হয়।”

তিনি আরও বলেন, “প্রত্যেকের ভিন্ন মতের প্রতিফলন ঘটবে কেবলমাত্র ভোটের বাক্সে। তার আগে আমরা সবাই এই দেশটাকে ভালোবাসবো। দেশের স্বার্থে আমরা সবাই এক থাকবো।”

এর আগে সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দেশের জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠান শেষে টাইগার গেইটের সামনে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।