ঈদে মহাসড়কে গরুর হাট বসবে না : সড়ক পরিবহন মন্ত্রী

যানজট নিয়ন্ত্রণে ঢাকায় ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা

স্টাফ রিপোর্টার | ১১ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইওয়ে সড়কের ওপর বা পাশে কোনো গরুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ঈদ যাত্রা উপলক্ষে ঢাকা থেকে বিভিন্ন জেলায় মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে রাজধানীর বিভিন্ন স্থানে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, যাতে সড়কে অযাচিত যানজট এড়ানো যায়।

তিনি বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি।

শেখ রবিউল আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে রেলপথ, নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় পৃথকভাবে প্রস্তুতিমূলক সভা করেছে। কোরবানির ঈদ উপলক্ষে সড়কে বিপুলসংখ্যক গরুবাহী ট্রাক চলাচল করবে উল্লেখ করে তিনি জানান, রাজধানীর ধোলাইপাড়, আব্দুল্লাহপুর ও গাবতলী বাসস্ট্যান্ডে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

যাত্রীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, যত্রতত্র বাসে ওঠানামা না করতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে পরিবহন মালিকদেরও এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সড়কে হাইওয়ে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। কোথাও বড় ধরনের যানজট সৃষ্টি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নৌপথে যাত্রী চলাচল প্রসঙ্গে মন্ত্রী বলেন, এবারের ঈদ যাত্রায় কেউ স্পিডবোট বা ছোট নৌকা থেকে সরাসরি লঞ্চে উঠতে পারবে না। তবে টার্মিনালে নির্ধারিত সিঁড়ি ব্যবহার করে ওঠার সুযোগ থাকবে।

ফেরি পারাপার নিয়েও সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফেরিতে ওঠার আগে যাত্রীদের বাস থেকে নামিয়ে দিতে হবে এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণসহ পল্টুন এলাকায় ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে।

মন্ত্রী বলেন, সড়কপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি গার্মেন্টস শ্রমিকদের পর্যায়ক্রমে তিন দিনে ধাপে ধাপে ছুটি দেওয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।