উচ্চশিক্ষা ব্যবস্থার রূপান্তরে জাতীয় কর্মশালার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান

স্টাফ রিপোর্টার | ১২ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসইভাবে রূপান্তরের লক্ষ্যে আয়োজিত একদিনব্যাপী ‘উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা’-এর উদ্বোধন করেছেন।

আজ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তিনি কর্মশালার উদ্বোধন করেন। এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী সিনেট ভবনে পৌঁছান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে অন্যান্য ধর্মগ্রন্থ থেকেও পাঠ করা হয়।

উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রীকে ক্রেস্ট প্রদান করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

ইউজিসি আয়োজিত এ কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল— “বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর: টেকসই উৎকর্ষের রূপরেখা”।

কর্মশালায় সরকারের নীতিনির্ধারক, ইউজিসির সদস্য, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক, কূটনীতিক, শিল্পখাতের প্রতিনিধি এবং উন্নয়ন-সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন।