রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই চলবে আর্থিক খাত: অর্থমন্ত্রী

স্টার্টআপ খাতে স্বচ্ছ বিনিয়োগ, আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটাল আকর্ষণ এবং এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

স্টাফ রিপোর্টার | ১২ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। সরকারের কোনো রাজনৈতিক নিয়োগ বা প্রভাব এখানে কাজ করবে না; এটি হবে শতভাগ পেশাদার প্রতিষ্ঠান।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি)’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি যে পরিমাণ মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে, ভবিষ্যতে তা আরও বৃদ্ধি পাবে। এটি শুধু একটি বিনিয়োগ প্রতিষ্ঠান নয়, বরং দেশের সামগ্রিক স্টার্টআপ ইকোসিস্টেমকে দৃশ্যমান করার একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে।

তিনি বলেন, তরুণ প্রজন্মের প্রধান দুটি সমস্যা হলো অর্থায়নের অভাব এবং জামানত প্রদানে অক্ষমতা। এই উদ্যোগের মাধ্যমে সেই দুটি বাধা দূর করা হয়েছে। এখানে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ, দক্ষ ও পেশাদার।

মন্ত্রী আরও বলেন, এই উদ্যোগটি সরকারের রাজনৈতিক ম্যানিফেস্টোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগিয়ে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। বিশেষ করে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির মাধ্যমে গ্রামীণ ও শহরের তরুণদের অর্থনীতির মূলধারায় যুক্ত করা হবে।

আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশ একটি কঠিন সময় অতিক্রম করছে। সরকার পুঁজিবাজার সংস্কার এবং ব্যাপক ডিরেগুলেশনের দিকে এগোচ্ছে। বিনিয়োগ ও পুঁজিবাজার খাতে দক্ষ ব্যক্তিদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশি-বিদেশি বড় ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এবং বিভিন্ন দাতা সংস্থাও সরকারের সঙ্গে কাজ করছে।

তিনি বলেন, দেশের ব্যাংক ও বেসরকারি খাতের আন্ডার ক্যাপিটালাইজেশন দূর করতে সরকার কাজ করছে। পাশাপাশি বিএসআইসি শুধু ব্যাংকিং খাতের বিনিয়োগেই সীমাবদ্ধ থাকবে না; আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতেও ভূমিকা রাখবে।

অর্থমন্ত্রী জানান, অর্থ মন্ত্রণালয় এই প্রকল্পের সফল বাস্তবায়নে সব ধরনের নীতিগত সহায়তা দেবে। দেশের একাধিক ব্যাংক যৌথভাবে এই ভেঞ্চার ক্যাপিটাল উদ্যোগ গ্রহণ করেছে, যা বাংলাদেশের অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে।

বিএসআইসির চেয়ারম্যান মাসরুর আরেফিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মো. মোস্তাকুর রহমান এবং আব্দুল হাই সরকার।