স্টাফ রিপোর্টার | ১৩ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশ সরকারের জাতীয় টিকাদান কর্মসূচি (ইপিআই) আরও শক্তিশালী ও কার্যকর করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন।
বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ টিকা হস্তান্তর করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এছাড়া চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লী সাওপোং এবং সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের চিফ বিজনেস ডাইরেক্টর লী নিংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিয়ে বাংলাদেশের এই দুঃসময়ে সিনোভ্যাক ফাউন্ডেশনের সহায়তার জন্য বাংলাদেশ চীনের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, অর্থনৈতিক খাতের পরম বন্ধু হিসেবে চীন আবারও বাংলাদেশের পাশে থাকার প্রমাণ দিয়েছে।
মন্ত্রী আরও বলেন, দেশে হামের টিকাদান কার্যক্রম চলমান থাকলেও ডেঙ্গু, পোলিও ও হান্টাসহ বিভিন্ন রোগ এখনও জনস্বাস্থ্যের জন্য চ্যালেঞ্জ হয়ে আছে। তবে পোলিও ও যক্ষ্মাসহ প্রয়োজনীয় টিকার কোনো ঘাটতি নেই এবং সরকার নিয়মিত টিকাদান কার্যক্রম পরিচালনা করছে।
তিনি জানান, ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় সব শিশুকে ইতোমধ্যে হামের টিকা দেওয়া হয়েছে। বাকি শিশুদেরও দ্রুত টিকার আওতায় আনা হবে। পাশাপাশি খুব শিগগিরই ‘ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন’ শুরু হবে বলেও জানান তিনি।
সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের চিফ বিজনেস ডাইরেক্টর লী নিং বলেন, বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচিতে সহায়তা করতে পেরে তারা গর্বিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রি-কোয়ালিফিকেশনপ্রাপ্ত ৩ লাখ ৮৩ হাজার ৮৪ ডোজ এসআইপিভি পোলিও টিকা অনুদান দিতে পেরে তারা আনন্দিত।
তিনি আশা প্রকাশ করে বলেন, এ টিকা বাংলাদেশের ইপিআই কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি দেশের পোলিও নির্মূল কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সিনোভ্যাকের তৈরি মোট ৭৬ হাজার ৬১৬ ভায়াল পোলিও টিকার চালান ইতোমধ্যে ইপিআই সংরক্ষণাগারে পৌঁছেছে। পরবর্তীতে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রে এসব টিকা সরবরাহ করা হবে।
উল্লেখ্য, সিনোভ্যাকের তৈরি ‘পোলিওমাইলাইটিস ভ্যাকসিন, ভেরো সেল, ইনঅ্যাক্টিভেটেড সেভিন স্ট্রেইন (এসআইপিভি)’ ২০২২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রি-কোয়ালিফিকেশন অর্জন করে। বৈশ্বিক পোলিও নির্মূল কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় এই টিকা সরবরাহ করে আসছে।





