প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস থাইল্যান্ডের

শিক্ষক প্রশিক্ষণ ও নেতৃত্ব উন্নয়নে যৌথভাবে কাজের আগ্রহ

স্টাফ রিপোর্টার | ১৩ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর সঙ্গে আজ তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে বাংলাদেশে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষক সংকট এবং নেতৃত্বভিত্তিক প্রশিক্ষণ নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়।

থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, থাইল্যান্ডের শিক্ষা ব্যবস্থার কার্যকর দিকগুলো সম্পর্কে সরাসরি ধারণা লাভের পর বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী শিক্ষক প্রশিক্ষণ, নেতৃত্ব উন্নয়ন এবং অন্যান্য কারিগরি সহযোগিতার বিষয়ে পদক্ষেপ নেবে।

তিনি বলেন, দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনেক প্রতিষ্ঠান ভালো ফলাফল করলেও সামগ্রিকভাবে শিক্ষার্থীদের শেখার সক্ষমতা আরও উন্নত করার প্রয়োজন রয়েছে। বিশেষ করে শিক্ষক সংকট এবং দক্ষ নেতৃত্বের অভাব শিক্ষার মানোন্নয়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ববি হাজ্জাজ আরও বলেন, বাংলাদেশ প্রাথমিকভাবে থাইল্যান্ডের শিক্ষা ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ ও বাস্তবভিত্তিক পর্যালোচনা করতে আগ্রহী। এ লক্ষ্যে দুই দেশের শিক্ষা বিশেষজ্ঞদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা প্রশাসন পর্যবেক্ষণ এবং নেতৃত্বভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে।

সাক্ষাৎকালে থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি বাংলাদেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাত উন্নয়নে সরকারের আন্তরিকতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে শিক্ষার্থীদের শেখার মান বৃদ্ধি, শিক্ষক প্রশিক্ষণ এবং বিদ্যালয় নেতৃত্ব উন্নয়নে যে গুরুত্ব দেওয়া হচ্ছে, তা ইতিবাচক উদ্যোগ।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান এবং থাইল্যান্ড দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।