স্টাফ রিপোর্টার | ১৪ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন-এর রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
জাতীয় সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ বৃহস্পতিবার বিরোধীদলীয় নেতার সংসদ ভবনস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে সংসদ সচিবালয় জানিয়েছে।
আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতন্ত্রকে আরও অর্থবহ করা, চলমান সংস্কার কার্যক্রম এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময়ে উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং সহকারী একান্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।





