র‌্যাবকে যুগোপযোগী ও বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তোলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান আইন সংশোধনের পাশাপাশি র‌্যাবের নাম পরিবর্তনের বিষয়ও বিবেচনায় রয়েছে

স্টাফ রিপোর্টার | ১৮ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিদ্যমান আইন পরিবর্তন ও সংশোধন করে বাহিনীটিকে যুগোপযোগী ও বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে একটি এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে। সে বিবেচনায় র‌্যাবের বিদ্যমান আইন সংস্কার করে বাহিনীটির পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে র‌্যাবের বর্তমান নাম পরিবর্তনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

সোমবার রাজধানীর র‌্যাব ফোর্সেস সদর দপ্তর-এ র‌্যাব ফোর্সেসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয়তা থেকেই র‌্যাব প্রতিষ্ঠা করা হয়েছিল। শুরুতে বাহিনীটিকে নির্ধারিত উদ্দেশ্যেই ব্যবহার করা হলেও পরবর্তীতে ফ্যাসিবাদী সরকারের সময় রাজনৈতিক স্বার্থে র‌্যাবকে ব্যবহার করা হয়েছে, যার ফলে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার র‌্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠনের পরিকল্পনা হাতে নিয়েছে। এ লক্ষ্যে সদস্যদের সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ন্যূনতম বল প্রয়োগ, মানবাধিকার প্রশিক্ষণ এবং অপরাধ দমনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, শিগগিরই জঙ্গল সলিমপুরে র‌্যাবের জন্য একটি বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এছাড়া পরিবর্তনশীল অপরাধ পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে সময়োপযোগী কৌশল গ্রহণ, জনসম্পৃক্ততা বৃদ্ধি, মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করা এবং দ্রুত র‌্যাব আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, অতীতে কয়েকজন কর্মকর্তার বেআইনি কর্মকাণ্ডের দায় পুরো প্রতিষ্ঠানের ওপর চাপানো ঠিক নয়। প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব সুনাম ও গৌরব বজায় রেখে কাজ করতে হবে এবং সরকারের পক্ষ থেকে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য, পলিসি ও স্ট্র্যাটেজি এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির এবং স্বাগত বক্তব্য দেন র‌্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।

অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।