কিছু কর্মকর্তার কর্মকাণ্ডে র‌্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন আইনে জবাবদিহিতামূলক ও মানবাধিকারসম্মত এলিট ফোর্স গঠনের উদ্যোগ

স্টাফ রিপোর্টার | ১৮ মে, ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছুসংখ্যক কর্মকর্তার আইনবহির্ভূত ও বিপথগামী ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে র‌্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ব্যক্তি বা সুনির্দিষ্ট কয়েকজন কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না।

সোমবার দুপুরে রাজধানীর র‌্যাব ফোর্সেস সদরদপ্তরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাব বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী, আনসার, বিজিবি ও সিভিল স্টাফদের সমন্বয়ে গঠিত একটি সম্মিলিত এলিট ফোর্স। কিন্তু বিগত সরকারের আমলে এ বাহিনী রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, মানবাধিকার সমুন্নত রেখে জনগণের প্রত্যাশা পূরণে একটি আধুনিক ও পেশাদার এলিট ফোর্স গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে। র‌্যাবের আইনি কাঠামো সংস্কার করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

র‌্যাবের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে বাহিনীটিকে ব্যবহার করা হয়েছে। তিনি জানান, বেআইনিভাবে র‌্যাব ব্যবহারকারী কর্মকর্তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বাহিনীর আইনি কাঠামো অনুযায়ী তদন্ত ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, নতুন আইনের আওতায় বাহিনী পুনর্গঠন বা নতুনভাবে নামকরণ করা হলে যুক্তরাষ্ট্র সরকার নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা করবে।

বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর গত তিন মাসে পুলিশ, র‌্যাব কিংবা অন্য কোনো বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি। জনগণের নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের প্রধান লক্ষ্য।

গুম ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে তিনি বলেন, আগের গুম কমিশনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আইনগত এখতিয়ার ছিল না। এজন্য সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন ও শক্তিশালী করার কাজ করছে। আইন সংস্কার সম্পন্ন হলে গুম, নিখোঁজ ও সংশ্লিষ্ট অপরাধের বিচার বিশেষ আদালতের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হবে।

প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য, পলিসি ও স্ট্র্যাটেজি এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, আইজিপি মো. আলী হোসেন ফকির, র‌্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।