স্টাফ রিপোর্টার | ১৯ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করেছেন। আজ সকালে রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত ভূমি ভবন-এ বেলা ১১টা ১৯ মিনিটে বাটন প্রেসের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী এ মেলার উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয়ের তিনটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’ শুরু হয়েছে। আজ থেকে আগামী ২১ মে পর্যন্ত এ মেলা চলবে।
এবারের মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।
মেলার মূল লক্ষ্য হলো নাগরিকদের নতুন ভূমিসেবার সঙ্গে পরিচিত করা এবং সরাসরি সেবা প্রদান নিশ্চিত করা।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ভূমি ভবনে স্থাপিত বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি কল সেন্টার, নাগরিক সেবা কেন্দ্র এবং ডে-কেয়ার সেন্টারও ঘুরে দেখেন।
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা ও প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে।





