বৈধ পথে আরও বেশি বাংলাদেশি অভিবাসী নিতে ইতালির প্রতি আহ্বান

ইতালির সঙ্গে সম্পর্ক জোরদার ও জ্ঞান আদান-প্রদানে আগ্রহ বাংলাদেশের

স্টাফ রিপোর্টার | ১৯ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বাংলাদেশ থেকে বৈধ পথে আরও বেশি অভিবাসী গ্রহণের জন্য ইতালি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, ইতালি বাংলাদেশি অভিবাসীদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্য। বর্তমানে বিপুল সংখ্যক বাংলাদেশি সেখানে সুনামের সঙ্গে কাজ করছেন এবং তারা উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

আজ সকালে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্কের কথা উল্লেখ করেন।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে ইতালিতে সমুদ্রপথে অবৈধ ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের বিষয়টি তুলে ধরেন। এর জবাবে তথ্যমন্ত্রী এবং তথ্য উপদেষ্টা বৈধ অভিবাসন প্রক্রিয়াকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশ থেকে ইতালিতে বৈধভাবে জনশক্তি রপ্তানি বৃদ্ধির আহ্বান জানান।

এ প্রসঙ্গে ইতালির রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে ইতালিতে বৈধ অভিবাসন কার্যক্রম সফলভাবে চলমান রয়েছে। তিনি বলেন, গত এক বছরে বাংলাদেশ থেকে প্রায় ২০ হাজার মানুষ বৈধভাবে ইতালিতে অভিবাসী হয়েছেন।

সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী দুই দেশের সম্পর্ক আরও বহুমুখী ও শক্তিশালী করার ওপর জোর দেন। তিনি গণযোগাযোগ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও সম্প্রচার খাতের আধুনিকায়নে ইতালির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার প্রস্তাব দেন।

এছাড়া ইতালির উন্নত অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে ‘নলেজ শেয়ারিং’ বা জ্ঞান আদান-প্রদানের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন তিনি।

দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও জোরদারে পণ্যের বহুমুখীকরণের ওপরও গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী।