স্টাফ রিপোর্টার | ২২ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ বোনাসের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রদের হাতে এ চেক তুলে দেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বরাদ্দকৃত ঈদ বোনাসের চেক সংশ্লিষ্ট প্রশাসক ও মেয়রদের কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী সিটি করপোরেশনগুলোকে পরিচ্ছন্ন রাখতে প্রশাসকদের প্রতি নির্দেশনা দেন। তিনি ‘ক্লিন সিটি’ গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নগরীতে জলাবদ্ধতা রোধে খাল-নর্দমা নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেটসহ দেশের মোট ১৩টি সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়র অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, চলতি বছরের ঈদুল ফিতরের আগেও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।





