স্টাফ রিপোর্টার | ২২ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন অত্যন্ত নিবেদিতপ্রাণ।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘ছবির গল্প’ কর্তৃক প্রকাশিত বেগম খালেদা জিয়ার স্মৃতির স্মরণে ‘দেশনেত্রী’ শীর্ষক বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, “একজন সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অনন্য ও কালজয়ী দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া।” তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া তাঁর রাজনৈতিক অনুপ্রেরণা এবং বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব বিকাশে তিনি ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।
তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোটি মানুষের অশ্রুবিসর্জন প্রমাণ করে তিনি জনমানুষের নেত্রী ছিলেন।”
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা প্রদান না করলে বাংলাদেশের জন্ম হতো কি না, তা নিয়ে সংশয় থেকে যায়। তাঁর নেতৃত্বেই জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বিজয় অর্জন করে। তিনি আরও দাবি করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা প্রদানে অনুপ্রেরণা যুগিয়েছিলেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, “জিয়া পরিবার না থাকলে বাংলাদেশ থাকতো কি না, সে বিষয়ে আমি সন্দিহান।”
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, দুঃসময়ে বেগম খালেদা জিয়া বিএনপিকে ধরে রেখেছেন। তিনি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্পিকার ‘দেশনেত্রী’ বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন করেন এবং ‘ছবির গল্প’-এর প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ‘ছবির গল্প’-এর উপদেষ্টা সম্পাদক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড. আহমেদ মোস্তফা নোমান ও সমন্বয়ক সাদমান সাকিব।
মূল আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
বর্ষপঞ্জিতে ‘ছবির গল্প’-এর প্রতিষ্ঠাতা খালেদ হোসেন পরাগের ক্যামেরায় ধারণকৃত আলোকচিত্র এবং টিমের লেখনীর মাধ্যমে দেশনেত্রীর বর্ণাঢ্য জীবনের ১২টি বিশেষ দিক তুলে ধরা হয়েছে।
এ ছাড়া অনুষ্ঠানে “ছবির গল্প : সবার আগে দেশপ্রেম” প্রতিপাদ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে “বাংলাদেশের প্রাণ তারেক রহমান” শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নুর, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যবৃন্দ, ‘ছবির গল্প’ টিম, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





