স্টাফ রিপোর্টার, ২৩ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ।
শনিবার অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, মানবপাচার প্রতিরোধ, দক্ষ জনবল রপ্তানি, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে রাষ্ট্রদূত জানান, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ২০ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন এবং দেশটিতে দক্ষ ড্রাইভার ও মালীর ব্যাপক চাহিদা রয়েছে। তিনি বলেন, আমিরাত বাংলাদেশ থেকে প্রশিক্ষিত জনবল নিতে আগ্রহী এবং ড্রাইভার নিয়োগের ক্ষেত্রে ছয় মাসের বিশেষায়িত প্রশিক্ষণ বাধ্যতামূলক।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার প্রশিক্ষিত ও দক্ষ জনবল প্রেরণে সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি দুই দেশের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মানের ছয় মাস মেয়াদি ড্রাইভার প্রশিক্ষণ কোর্স চালুর প্রস্তাব দেন। পাশাপাশি গালফভুক্ত দেশগুলোর জন্য অভিন্ন ড্রাইভার প্রশিক্ষণ কোর্স চালুর বিষয়েও গুরুত্বারোপ করেন।
বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ প্রসঙ্গেও আলোচনা হয়। রাষ্ট্রদূত জানান, আমিরাতের বিভিন্ন শীর্ষস্থানীয় কোম্পানি বাংলাদেশে সাইবার সিকিউরিটি ও তথ্যপ্রযুক্তিখাতে বড় পরিসরে বিনিয়োগে আগ্রহী। মন্ত্রী এ আগ্রহকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
মানবপাচার প্রতিরোধে দুই দেশের যৌথ উদ্যোগ নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূত জানান, মানবপাচার মোকাবিলায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে একটি ব্যাপকভিত্তিক পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সব ধরনের ফৌজদারি অপরাধ মোকাবিলায় সহযোগিতা আরও শক্তিশালী করা সম্ভব হবে।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত মন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।





