ঈদের আগেই সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিএফইউজে-ডিইউজের

এখন টিভির চার সাংবাদিককে কাজে ফেরানোর আহ্বান

স্টাফ রিপোর্টার | ২৩ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

পবিত্র ঈদুল আযহার আগেই দেশের সব গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বেতন-ভাতা, বোনাস ও বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। একই সঙ্গে বেসরকারি টেলিভিশন এখন টিভি-র চার সাংবাদিককে কাজে পুনর্বহালের দাবিও জানিয়েছে সংগঠন দুটি।

শনিবার বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে বিএফইউজে ও ডিইউজে বদ্ধপরিকর। তারা অভিযোগ করেন, এখন টিভি কর্তৃপক্ষ অবৈধভাবে চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে দীর্ঘদিন কর্মস্থলের বাইরে রেখেছে।

বিএফইউজে-ডিইউজের দাবি, এখন টিভির অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ ও বিশেষ প্রতিনিধি মাহমুদ রাকিব, বিশেষ প্রতিনিধি মুজাহিদ শুভ, ডেপুটি অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ ও সিনিয়র রিপোর্টার বেলায়েত হোসাইন এবং সিনিয়র রিপোর্টার আজহার লিমনকে গত ১৭ ফেব্রুয়ারি শোকজ নোটিশ দিয়ে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। তিন মাস পেরিয়ে গেলেও তাদের কাজে ফেরানো হয়নি।

নেতৃবৃন্দ জানান, বিষয়টি সমাধানে একাধিকবার বৈঠক হলেও এখন টিভি কর্তৃপক্ষ আশ্বাস বাস্তবায়ন করেনি। গত ২১ মে সাংবাদিক নেতারা এখন টিভি কার্যালয়ে গেলে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় বলেও অভিযোগ করা হয়।

বিবৃতিতে বলা হয়, শোকজ নোটিশের নামে সাংবাদিকদের নিয়মবহির্ভূতভাবে কর্মস্থল থেকে দূরে রাখা পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তার পরিপন্থী। দ্রুত চার সাংবাদিককে কাজে ফিরিয়ে না নিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।