মতপ্রকাশের স্বাধীনতার নামে চরিত্রহনন গ্রহণযোগ্য নয়: আতিকুর রহমান রুমন

সামাজিক অবক্ষয় রোধে সন্তানদের সম্মানবোধ শেখানোর আহ্বান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের

স্টাফ রিপোর্টার | ২৫ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে ব্যক্তি আক্রোশ, আক্রমণ কিংবা চরিত্রহনন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ড অপরাধের শামিল।

সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

আতিকুর রহমান রুমন বলেন, সম্প্রতি একটি ঘটনায় দেখা গেছে, এক কিশোরী প্রকাশ্যে প্রধানমন্ত্রীর নাম ধরে সম্বোধন করে তাকে তাচ্ছিল্য করছে এবং সেখানে উপস্থিত সাবেক এক উপদেষ্টা বিষয়টি উপভোগ করছেন। তিনি বলেন, “একজন প্রধানমন্ত্রীকে সম্মান দিয়ে কথা বলতে হয়, সেটাও মেয়েটি জানে না। এটা এক ধরনের সামাজিক অবক্ষয়।”

তিনি আরও বলেন, “ওই মেয়েটি যে ভাষায় কথা বলেছে, তা দেখে আরও অনেকে একই ধরনের আচরণ শিখতে পারে। তাই সন্তানদের সম্মানজনক ভাষায় কথা বলার শিক্ষা দেওয়া প্রয়োজন।”

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং জনগণের জন্য ভালো কিছু করার চেষ্টা করছেন। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), শাহাদাৎ হোসেন স্বাধীনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।