গণমাধ্যমে বাধা বা হস্তক্ষেপে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে সরকার: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও গণমাধ্যমের স্বাধীন পরিবেশ বজায় রাখতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

স্টাফ রিপোর্টার | ১ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মূলধারার গণমাধ্যমকর্মীদের পেশা চর্চার ক্ষেত্রে যেকোনো ধরনের অনৈতিক বাধা বা হস্তক্ষেপ মোকাবিলায় বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। গণমাধ্যমকে সম্পূর্ণ স্বাধীন, স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

সোমবার সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মূলধারার গণমাধ্যমকর্মীদের ওপর নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের হামলার ঘটনার বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে মন্ত্রী এ প্রতিক্রিয়া জানান।

জহির উদ্দিন স্বপন বলেন, ঘটনাটির বিষয়ে তিনি বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন। তিনি বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভেতরে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি, যা উদ্বেগজনক। গণমাধ্যমের প্রধান দায়িত্ব সমাজের বিভিন্ন ক্ষেত্রকে জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা এবং এ দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা করা রাষ্ট্র ও সমাজের কর্তব্য।

টেলিভিশন ও লাইভ মিডিয়ার ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, টেলিভিশন সাংবাদিকতায় তথ্য বিকৃতির সুযোগ তুলনামূলকভাবে কম, কারণ এসব মাধ্যম সরাসরি সম্প্রচার করে। তিনি বলেন, লাইভ মিডিয়া যত বেশি বিস্তৃত ও স্বচ্ছ হবে, সমাজ তত বেশি উপকৃত হবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী বারবার জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন। সাম্প্রতিক এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোও সেই দৃষ্টিভঙ্গি থেকেই মূল্যায়ন ও বিচার করা হবে।

তিনি জানান, সম্প্রতি মূলধারার সংবাদমাধ্যমের সম্পাদক, মালিকপক্ষ ও সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সন্তোষ প্রকাশ করেছেন যে, বর্তমানে তারা কোনো ধরনের সরকারি নিয়ন্ত্রণ বা চাপ ছাড়াই স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন।

রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন ক্ষোভ ও বিক্ষোভের প্রেক্ষাপটে দায়ের হওয়া মামলাগুলোর প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, সরকারের স্পষ্ট অবস্থান হলো—অকাট্য তথ্য-প্রমাণ ও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো মূলধারার সাংবাদিককে মিথ্যা মামলায় হয়রানি বা হেনস্তার শিকার হতে দেওয়া হবে না। তবে কারও বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট তথ্য থাকলে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচারপ্রক্রিয়া চলবে।

সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রমে মূলধারার গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণমাধ্যমকর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।