স্টাফ রিপোর্টার | ২ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালগুলোকে বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যয় কমানোর বিষয়ে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। রোগীদের আর্থিক চাপ কমাতে হাসপাতালগুলোকে বিশেষ উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীদের বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি জানান, কোনো রোগীর পরীক্ষার খরচ ১০ হাজার টাকা হলে তার মধ্যে সর্বোচ্চ ৮ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া যেতে পারে।
তবে হেমোরেজিক ডেঙ্গুসহ জটিল রোগীদের ক্ষেত্রে চিকিৎসার ধরন ও ব্যয় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
সভায় ডেঙ্গু প্রতিরোধ, রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা এবং বিদ্যমান গাইডলাইন বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।





