এফডিআই প্রণোদনা স্কিম ২০২৬ অনুমোদন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনে সংশোধনের খসড়াও পাস

প্রবাসী বাংলাদেশিসহ নাগরিকদের বিদেশি বিনিয়োগ আনয়নে উৎসাহ দিতে নতুন নীতিমালা; চিকিৎসা শিক্ষা ও গবেষণার পরিধি বাড়াতে বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ

ছবি : পিএমও

স্টাফ রিপোর্টার | ৪ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

সরকার ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ অনুমোদন করেছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নবম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উত্থাপিত প্রস্তাবের আলোচনায় জানানো হয়, প্রবাসী বাংলাদেশিসহ সকল বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনয়নে উৎসাহিত করতে এবং তাদের অবদানকে স্বীকৃতি দিতে এ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

একই বৈঠকে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়।

প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা এবং গবেষণার পরিধি আরও সম্প্রসারণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়কে মুনাফাভিত্তিক বা অ-মুনাফাভিত্তিক কোম্পানি কিংবা সংগঠন গঠন, পাশাপাশি এসব প্রতিষ্ঠানের শেয়ার অর্জনের সুযোগ দেওয়ার বিধান অন্তর্ভুক্ত করা হবে। এ উদ্দেশ্যে বিদ্যমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এদিকে, ড. খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভার বৈঠকে তাঁকে অভিনন্দন জানানো হয়।