স্পারসো পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা, নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ ও প্রতিরক্ষায় মহাকাশ প্রযুক্তি ব্যবহারে জোর

জাতীয় নিরাপত্তা, সীমান্ত পর্যবেক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় স্পারসোর সক্ষমতা বাড়ানোর নির্দেশনা

স্টাফ রিপোর্টার, ৮ জুন ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা সোমবার (৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিদর্শন করেন।

প্রতিরক্ষা উপদেষ্টা স্পারসোতে পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং স্পারসোর চেয়ারম্যান । এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তিনি স্পারসোর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে গবেষণা, উদ্ভাবন ও চলমান কার্যক্রম সম্পর্কে ব্রিফিং গ্রহণ করেন।

এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, আধুনিক প্রযুক্তি ও প্রতিরক্ষার সঙ্গে মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন প্রযুক্তির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তায় এসব প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পাশাপাশি বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি সীমান্ত পর্যবেক্ষণ, কৌশলগত মানচিত্র প্রণয়ন (স্ট্র্যাটেজিক ম্যাপিং) এবং ভূ-স্থানিক বুদ্ধিমত্তা (জিওস্পেশাল ইন্টেলিজেন্স) খাতে স্পারসোর ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।

প্রতিরক্ষা উপদেষ্টা স্পারসোর সংগৃহীত স্যাটেলাইট ডেটা ও গবেষণালব্ধ তথ্য বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিভিন্ন অপারেশনাল এবং গবেষণামূলক কাজে দ্রুত ও সহজে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্যাটেলাইট ইমেজ প্রসেসিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং রিমোট সেন্সিংয়ের সর্বাধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে প্রতিষ্ঠানের কারিগরি সক্ষমতা ও মানবসম্পদ উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

বাংলাদেশের দুর্যোগপ্রবণ বাস্তবতার কথা তুলে ধরে তিনি ঘূর্ণিঝড়, বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা এবং ক্ষয়ক্ষতি নিরূপণে দূর অনুধাবন প্রযুক্তির আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেন।

এছাড়া দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে ফসলের অবস্থা, মাটির আর্দ্রতা, বনাঞ্চল ও পানিসম্পদের তথ্য পর্যবেক্ষণ করে সরকারকে নির্ভুল তথ্য সরবরাহের তাগিদ দেন। স্পারসোর ডেটা ও তথ্যভান্ডার সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার নির্দেশনাও প্রদান করেন।

পরিদর্শনের শেষ পর্যায়ে স্পারসোর সার্বিক কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে সরাসরি অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।