দীর্ঘদিন পর মরিশাসে বাংলাদেশের শ্রমবাজার খুলছে, দ্রুত এমওইউ স্বাক্ষরে সম্মতি

জেনেভায় দুই দেশের শ্রমমন্ত্রীর বৈঠক; দক্ষ জনশক্তি নিয়োগ ও বিনিয়োগে আগ্রহ প্রকাশ

স্টাফ রিপোর্টার | ৮ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

দীর্ঘদিন বন্ধ থাকার পর মরিশাসে বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এ লক্ষ্যে বাংলাদেশ ও মরিশাস দ্রুত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে।

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন (আইএলও)-এর সাইডলাইনে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিমের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে মরিশাসে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা, বন্ধ শ্রমবাজার পুনরায় চালু এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই দেশই দ্রুত এমওইউ স্বাক্ষরের মাধ্যমে জনশক্তি রপ্তানির প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়।

বৈঠকের শুরুতে বাংলাদেশের মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মরিশাস সরকারকে শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশ থেকে মরিশাসে জনশক্তি প্রেরণের লক্ষ্যে সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষরের জন্য ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশের দক্ষ জনশক্তির সক্ষমতার কথা তুলে ধরে তিনি বলেন, টেক্সটাইল খাতের পাশাপাশি ডাক্তার, প্রকৌশলী, নার্স ও অ্যাকাউন্ট্যান্টসহ বিভিন্ন পেশার দক্ষ কর্মী মরিশাসে পাঠাতে বাংলাদেশ প্রস্তুত। বৈঠক শেষে তিনি মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানিয়ে মরিশাসের শ্রমমন্ত্রী বলেন, বিশেষ করে দেশটির ওয়ান-স্টপ টেক্সটাইল শিল্পের জন্য বিপুল সংখ্যক দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে। তিনি জানান, শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে একটি এমওইউ খসড়া শিগগিরই বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে।

এ ছাড়া কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগে মরিশাস সরকারের গভীর আগ্রহের কথাও তিনি উল্লেখ করেন।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী মিশনের প্রতিনিধি নাহিদা সোবহান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল ইসলাম এবং বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো. আমিনুল ইসলাম।