অনার্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাস বাদ দেওয়ার পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

গুজব ও ভিত্তিহীন তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার | ৯ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাসের মতো মৌলিক বিষয়গুলো বাদ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে স্পষ্ট জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সংক্রান্ত ছড়ানো গুজবের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, “উচ্চশিক্ষায় অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাস বাদ দেওয়ার মতো কোনো আলোচনা আমাদের নীতিনির্ধারণী পর্যায়ে কোথাও হয়নি। এমনকি আমার জানামতে এমন কোনো প্রস্তাবও নেই। এগুলো পুরোপুরি ভিত্তিহীন তথ্য।”

শিক্ষাক্ষেত্রে সরকারের বর্তমান সংস্কার কার্যক্রম ও অগ্রাধিকারের বিষয়ে তিনি বলেন, “আমরা মূলত কর্মমুখী ও কারিগরি শিক্ষার ওপর জোর দিচ্ছি। যুগের চাহিদা এবং বৈশ্বিক বাজারের যে চাহিদা, সেই অনুযায়ী নতুন নতুন সাবজেক্ট ও কোর্স কারিকুলামে যুক্ত করা হচ্ছে। ইন্ডাস্ট্রি ও একাডেমির মধ্যে সংযোগ কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে কাজ চলছে।”

তিনি আরও বলেন, বাজারের চাহিদা বিবেচনায় নতুন কোর্স অন্তর্ভুক্ত করা বা কারিকুলামের আধুনিকায়নের সঙ্গে ঐতিহ্যবাহী ও মৌলিক বিষয়গুলো বাদ দেওয়ার কোনো সম্পর্ক নেই।

মন্ত্রী জানান, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একাডেমিক কাউন্সিল নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কারিকুলাম পরিমার্জন এবং শিক্ষক সংকট নিরসনে কাজ করে যাচ্ছে।

ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে সঠিক তথ্যের ওপর আস্থা রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান শিক্ষামন্ত্রী।