স্টাফ রিপোর্টার | ১৪ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সভায় প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে বিশেষজ্ঞরা মতামত প্রদান করেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা বিষয়ে তারা নিজেদের পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেন।
সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক মো. শামসুল হক, মোসলেহ উদ্দীন হাসান, মো. হাদিউজ্জামান ও রাকিব আহসান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, প্রকল্পটির কার্যকারিতা বৃদ্ধি এবং যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সভায় বিভিন্ন সুপারিশ ও মতামত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।





