স্টাফ রিপোর্টার | ১৪ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে তারা সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
তিনি বলেন, এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে ‘মায়ের ডাক’-এর সদস্যরা ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। দুপুরে জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারিতে সংগঠনটির ২৬ জন সদস্য বাজেট অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের বৈঠক রাত ৮টায় শেষ হয়।





