স্টাফ রিপোর্টার | ১৭ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
সিলেট: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দিতে সিলেটে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানিয়েছেন চা শ্রমিকসহ সর্বস্তরের মানুষ।
বুধবার সকালে ইউএস-বাংলার একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর দ্বিতীয় সিলেট বিভাগ সফর।
সকাল সাড়ে ১০টায় বিমানবন্দর থেকে নির্ধারিত বাসে করে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর সড়ক থেকে নগরীর বিভিন্ন এলাকা এবং জেলার বিভিন্ন স্থানে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ সড়কের পাশে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান।
তবে সবচেয়ে ব্যতিক্রমী দৃশ্য দেখা যায় সিলেট নগরের চৌকিদেখি এলাকায়। সড়কের পাশের চা বাগান এলাকায় লাক্কাতুড়া ও মালনীছড়া চা বাগানের শ্রমিকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। তাদের অধিকাংশই ছিলেন নারী। অনেকের হাতে ছিল ফুল, ফুলের মালা এবং ফুলের পাপড়ি ভর্তি ডালা।
প্রধানমন্ত্রীর গাড়িবহর সবুজ চা বাগানের পাশ দিয়ে অতিক্রম করার সময় শ্রমিকরা ফুলের মালা ও পাপড়ি ছিটিয়ে শুভেচ্ছা জানান।
চা শ্রমিকদের পর চৌকিদেখি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সাদিকুর রহমান সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার ও মাহবুবুল হক চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।
এছাড়া নগরীর আরও কয়েকটি পয়েন্টে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সড়কের পাশে দাঁড়িয়ে অনেকেই হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
সিলেট থেকে সড়কপথে যাত্রা করে বেলা ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।





