স্টাফ রিপোর্টার | ১৮ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১২৭ বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত সংস্থা।
বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন জমার জন্য নতুন এ তারিখ নির্ধারণ করেন।
মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলার তদন্তভার র্যাবের কাছ থেকে প্রত্যাহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্তের দায়িত্ব দেন। একইসঙ্গে ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়।
কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ না হওয়ায় রাষ্ট্রপক্ষ অতিরিক্ত সময়ের আবেদন করে। পরে ২০২৫ সালের ২২ এপ্রিল হাইকোর্ট আরও ছয় মাস সময় মঞ্জুর করেন। এরপরও তদন্ত শেষ না হওয়ায় ২০২৫ সালের ২৩ অক্টোবর এবং সর্বশেষ ২০২৬ সালের ২৬ এপ্রিল উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দেন আদালত।
এখনও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





