স্টাফ রিপোর্টার | ২২ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় মোটর শোভাযাত্রাসহ প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে পৌঁছালে তাঁদের স্বাগত জানান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তাঁর সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।
আনুষ্ঠানিক অভ্যর্থনা পর্বে লালগালিচা সংবর্ধনার পাশাপাশি মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড অব অনার পরিদর্শন করেন।
পরে সংবর্ধনা অনুষ্ঠানে সফরসঙ্গীদের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেন তারেক রহমান। একইভাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন।
পরিচয় পর্ব শেষে ভবনে প্রবেশের আগে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে মিলিত হন।
এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাওয়ার দীর্ঘ সড়কের দুই পাশে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা টানানো হয়, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।





