মালয়েশিয়া থেকে বিনিয়োগ আকর্ষণই সরকারের মূল লক্ষ্য: মাহদী আমিন

মালয়েশিয়ার শীর্ষ পাঁচ কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

স্টাফ রিপোর্টার | ২২ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সোমবার কুয়ালালামপুরের শাংগ্রি লা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের নির্বাহী প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন।

মাহদী আমিন বলেন, মুক্তবাজার অর্থনীতি সম্প্রসারণের অংশ হিসেবে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনৈতিক উদারীকরণ ও নিয়মকানুন সহজীকরণের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণই এর মূল উদ্দেশ্য।

তিনি বলেন, “মালয়েশিয়া আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ অংশীদার। বাংলাদেশে বৃহৎ ভোক্তা বাজার, দক্ষ জনশক্তি এবং কর্মসংস্থানের বিস্তৃত সুযোগ রয়েছে। তাই মালয়েশিয়ার বিনিয়োগকারীদের জন্য এখানে ব্যাপক সম্ভাবনা রয়েছে।”

মুখপাত্র আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগকারীদের জন্য সরকার নীতিগত সব ধরনের সহায়তা দেবে। একই সঙ্গে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার ও ডি-রেগুলেশন কার্যক্রম অব্যাহত থাকবে।

মালয়েশিয়ার পাঁচটি বৃহৎ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে মাহদী আমিন বলেন, “এই সাক্ষাৎগুলোর মূল উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা।”

প্রধানমন্ত্রী তারেক রহমান সফরকালে মালয়েশিয়ার শীর্ষ প্রতিষ্ঠান পেট্রোনাস গ্রুপ, আজিয়াটা, এয়ারএশিয়া, পেরোডুয়া এবং এমএমসি ফোর্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

মাহদী আমিন বলেন, “এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দিয়ে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিস্তৃত আলোচনা করেছেন।”

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকাও উপস্থিত ছিলেন।