স্টাফ রিপোর্টার | ১ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তাঁর সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।
বুধবার বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
বুধবার হাসপাতালে নজরুল ইসলাম খানকে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও উপস্থিত ছিলেন। শিমুল বিশ্বাস চিকিৎসকদের সঙ্গে তাঁর শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন।
শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পক্ষ থেকে রোগীর সুস্থতার স্বার্থে হাসপাতালে ভিড় না করতে এবং আপাতত তাঁর সঙ্গে সাক্ষাৎ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।





