ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে তেহরানের পথে স্পিকার

৪ জুলাই দেশে ফেরার কথা, জানাজায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন হাফিজ উদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার | ২ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি।

স্পিকার সকাল ৭টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সালে ৮৬ বছর বয়সে তিনি শাহাদাতবরণ করেন।

ইসলামী বিপ্লবের পর ইরানের নতুন রাজনৈতিক ব্যবস্থায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে কিছু সময়ের জন্য তিনি দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ইরান-ইরাক যুদ্ধ শুরুর পর তিনি ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর তত্ত্বাবধানের দায়িত্ব নেন। পরবর্তীতে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর দেশটির ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ আয়াতুল্লাহ আলী খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।