মুক্ত বুদ্ধিচর্চাই শান্তিপূর্ণ সহাবস্থানের পূর্বশর্ত : তথ্যমন্ত্রী

একক কোনো আদর্শ বিশ্ব সংকটের স্থায়ী সমাধান নয়, বললেন জহির উদ্দিন স্বপন

স্টাফ রিপোর্টার | ০৪ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বিশ্ব গভীর ও জটিল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে কোনোভাবেই একক কোনো আদর্শ, দর্শন বা চিন্তার আধিপত্য মানব সভ্যতার জন্য স্থায়ী সমাধান আনতে পারে না।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ের একটি অভিজাত হোটেলে বৈশ্বিক গবেষণা, সংলাপ ও জ্ঞানচর্চার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আল-উম্মাহ ফাউন্ডেশন।

মন্ত্রী বলেন, জগতের সব ধরনের বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব। আর সে জন্য প্রয়োজন মুক্ত, দায়িত্বশীল ও জ্ঞানভিত্তিক বুদ্ধিচর্চা।

তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে বিভ্রান্তি, বিভাজন ও ভাসাভাসা আলোচনা দ্রুত বাড়ছে। তাই জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে গড়ে ওঠা বিশ্বাসযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগ এখন সময়ের দাবি। আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট গবেষণা ও জ্ঞানভিত্তিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে।

জহির উদ্দিন স্বপন বলেন, ভাষা, জাতিসত্তা, ধর্ম, সংস্কৃতি ও ভৌগোলিক বৈচিত্র্য প্রকৃতির স্বাভাবিক নিয়ম। কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা পরিচয় এককভাবে বিশ্বে আধিপত্য বিস্তার করতে পারে না। সব মতাদর্শের গবেষক ও চিন্তাবিদদের এমন একটি অভিন্ন সমাধান খুঁজে বের করতে হবে, যা মানবসভ্যতার কল্যাণ বয়ে আনবে।

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, সবচেয়ে গ্রহণযোগ্য ও সমাদৃত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সব ধরনের বৈচিত্র্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে বিশ্বাসী। গণতান্ত্রিক মূল্যবোধের অংশ হিসেবে সবাই নিজ নিজ মত প্রকাশের সুযোগ পাবেন এবং সুস্থ মতবিনিময়ের পরিবেশ নিশ্চিত করা হবে।

তিনি বাংলা, ইংরেজি, আরবি ও তুর্কি—এই চার ভাষায় জার্নালটি প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পারস্পরিক সংস্কৃতি সম্পর্কে গভীর বোঝাপড়া আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পর্যায়ে ভুল বোঝাবুঝি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত তুর্কি লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ইয়াসিন আকতাই। স্বাগত বক্তব্য দেন আল-উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জার্নালের সম্পাদক ইন চিফ মোহাম্মদ জাকির হোসেন।

অধ্যাপক ইয়াসিন আকতাই বলেন, মুসলিম বিশ্বের সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যকে সমসাময়িক বৈশ্বিক বাস্তবতার সঙ্গে যুক্ত করা এখন সময়ের দাবি। আল-উম্মাহ বিশ্বজুড়ে চিন্তাবিদদের সংযুক্ত করার কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

ড. এ এফ এম খালিদ হোসেন বলেন, এই প্ল্যাটফর্ম ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে কৌশলগত সংযোগ, সহযোগিতা এবং মুসলিম উম্মাহর সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞানভিত্তিক সমাধান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মুসলিম উম্মাহর বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব, গণমাধ্যম, শিক্ষা, প্রযুক্তি এবং বৈশ্বিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।