স্টাফ রিপোর্টার | ৭ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। মঙ্গলবার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী এবং দুই দেশের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। তিনি পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ এবং গবেষণা কার্যক্রমে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন করেছে। এছাড়া প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও সমীক্ষা শেষে তিস্তা মহাপরিকল্পনাও দ্রুত অনুমোদন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পানিসম্পদ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার জন্য নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিলেন। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে নেদারল্যান্ডসের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই ব-দ্বীপ অঞ্চল হওয়ায় দুই দেশের মধ্যে ভূ-প্রাকৃতিক অনেক মিল রয়েছে। তিনি জানান, টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ এবং নদীভাঙন প্রতিরোধে বাংলাদেশে ডাচ সরকার কাজ করতে আগ্রহী।
রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে নেদারল্যান্ডসের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে পানিসম্পদ সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন, অতিরিক্ত সচিব খোন্দকার আজিম উদ্দিন এবং অতিরিক্ত সচিব মহা. এনামূল হক উপস্থিত ছিলেন।





