ঢামেকের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমসি-ডে ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৮০ বছর পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা সভায় অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার | ১১ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)-এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিএমসি-ডে ২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে গুলশানের বাসভবন থেকে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান। এ সময় তাঁর পাশে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

পরে ঢাকা মেডিকেল কলেজের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ডিএমসি-ডে ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজে দুটি ছাত্রী হোস্টেল নির্মাণ-সংক্রান্ত উপস্থাপনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। তিনি প্রকল্পটির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে একটি স্মারক বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া ডিএমসি-ডে ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের উন্নয়ন, চিকিৎসা শিক্ষা এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ঢাকা মেডিকেল কলেজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।