সারা দেশে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ কার্যক্রম শুরু করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা; ঘরে ঘরে গিয়ে ক্যান্সার, ডায়াবেটিস, রক্তচাপসহ বিভিন্ন রোগের প্রাথমিক পরীক্ষা করা হবে

স্টাফ রিপোর্টার | ২২ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে সরকার সারা দেশে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ (ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা) কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেক পার্কে ‘হাইজিন ফর হেলথ বাংলাদেশ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে এবং কাউকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা হবে না। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ও মারাত্মক রোগগুলো প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, সরকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, যার ৮০ শতাংশই নারী হবেন। তারা বাড়ি বাড়ি গিয়ে নারীদের স্তন ও জরায়ু ক্যান্সারের প্রাথমিক পরীক্ষা সম্পর্কে সচেতন করবেন এবং দ্রুত রোগ শনাক্তে সহায়তা করবেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যকর্মীরা বিশেষ স্বাস্থ্যসেবা বক্স নিয়ে মানুষের বাড়িতে গিয়ে রক্তচাপ, ওজন, ডায়াবেটিস, লিপিড প্রোফাইলসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করবেন।

পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সুস্থ থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ ও জ্ঞানভিত্তিক সমৃদ্ধ জাতি গঠনে জনসচেতনতা ও সুস্বাস্থ্য অপরিহার্য।

দেশে সিজারিয়ান অপারেশনের হার বেড়ে যাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে অধিকাংশ শিশু সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করছে। জন্মের পর অনেক শিশুই মায়ের প্রথম দুধ বা শালদুধ (কলোস্ট্রাম) থেকে বঞ্চিত হচ্ছে, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ও পুষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ সামানজার সাঈদ, গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃধাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।