সংসদ ভবন এলাকার ঘটনার ব্যাখ্যায় ইশরাক হোসেনের প্রেস উইং: ‘শান্তি ফেরাতেই হস্তক্ষেপ করেছিলেন’

সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিও নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান, কিছু গণমাধ্যমের শিরোনামে অসন্তোষ


ঢাকা, ২৬ জুলাই:
সংসদ ভবন এলাকায় গত ২৬ জুলাই নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শেষে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের প্রেস উইং।

রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠান শেষে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে হঠাৎ বাকবিতণ্ডা ও হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণে আনতে ইশরাক হোসেন নিজে ঘটনাস্থলে এগিয়ে যান।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, তিনি বিবাদমান দুই পক্ষকে শান্ত করার পাশাপাশি তাদের মাঝখানে দাঁড়িয়ে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করেন এবং পরবর্তীতে সংশ্লিষ্টদের ঘটনাস্থল ত্যাগের নির্দেশ দেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে অবরুদ্ধ সড়ক যান চলাচলের উপযোগী করতেও ভূমিকা রাখেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে একটি মহল ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন এবং প্রতিমন্ত্রীর ভূমিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। পাশাপাশি কিছু গণমাধ্যম প্রকৃত ঘটনা যাচাই না করে বিকৃত তথ্য ও অরুচিকর ভাষায় শিরোনাম প্রকাশ করেছে বলেও এতে অভিযোগ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইশরাক হোসেন সবসময় আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ঘটনার পেছনে কোনো উসকানি বা পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তির শেষে সবাইকে যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়।