আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বড় মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী

বিনামূল্যে বিশ্বকাপ সম্প্রচারের ধারাবাহিকতা বজায় রেখে বিজ্ঞাপন বাজার কাজে লাগানোর ঘোষণা

স্টাফ রিপোর্টার | ২৬ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আগামী ফিফা বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য উল্লেখযোগ্য মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রোববার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, সরকারি রাজস্বের এক টাকাও ব্যয় না করে সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঠিক দিকনির্দেশনা, সততা ও সুদূরপ্রসারী পরিকল্পনার কারণেই দেশের কোটি কোটি ফুটবলপ্রেমীকে বঞ্চিত না করে এবং সরকারি অর্থ ব্যয় ছাড়াই এই সম্প্রচার সম্ভব হয়েছে।

তিনি বলেন, কৃচ্ছ্রতাসাধন নীতির মধ্যেও যাতে দেশের মানুষ বিশ্বকাপের খেলা দেখতে পারেন, সে বিষয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুসরণ করে বিকল্প কাঠামো তৈরি করেই এই সফলতা অর্জিত হয়েছে।

জহির উদ্দিন স্বপন সফল সম্প্রচার কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সংশ্লিষ্ট সকলের অবদানের প্রশংসা করেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদপত্র প্রদান করা হয়। তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে ধন্যবাদপত্র গ্রহণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ আলম।

দেশের ক্রীড়াঙ্গনের বর্তমান ইতিবাচক পরিবেশের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, গত কয়েক মাসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। খেলাধুলার সঙ্গে যুবসমাজকে সম্পৃক্ত করা গেলে মাদকমুক্ত সমাজ গঠন, সুস্থ মানসিক বিকাশ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, এবার শূন্য ব্যয়ে বিশ্বকাপ সম্প্রচারের চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা হয়েছে। আগামী বিশ্বকাপে বিজ্ঞাপনের বিশাল বাজার থেকে উল্লেখযোগ্য আয় করে বিশ্বকাপ সম্প্রচারকে একটি লাভজনক উদ্যোগে পরিণত করাই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ আলম, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।