স্টাফ রিপোর্টার
২৬ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু এবং দেশের দুঃসময়ে সবসময় পাশে থেকেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে অনুষ্ঠিত ‘জাপান-বাংলাদেশ বিজনেস উইমেন কনফারেন্স’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও জাপান একসঙ্গে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
আফরোজা খানম বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীর ক্ষমতায়নে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। নারীদের জন্য মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করার মাধ্যমে তিনি নারীশিক্ষার প্রসার ও ক্ষমতায়নের ক্ষেত্রে যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার সেই উদ্যোগকে অনুসরণ করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছেন। নারীশিক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)-এর প্রধান প্রতিনিধি, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।





