‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | ২৭ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত কিশোর-কিশোরীদের বৃহৎ ক্রীড়া আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর আগমন ঘোষণা করা হলে গ্যালারিতে উপস্থিত হাজারো শিশু-কিশোর করতালির মাধ্যমে তাকে স্বাগত জানায়।

স্টেডিয়ামে প্রবেশের পর প্রধানমন্ত্রী মাঠে উপস্থিত খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে পুরো মাঠ ঘুরে গ্যালারিতে থাকা ক্ষুদে শিক্ষার্থীদের হাত নেড়ে অভিবাদন জানান এবং খেলাধুলার প্রতি তাদের উৎসাহিত করেন। এ সময় মাঠে উপস্থিত ৮ হাজারেরও বেশি শিক্ষার্থী উচ্ছ্বাসে ফেটে পড়ে।

প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং নিয়মিত খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গত ২ মে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’ শুরু হয়। সিলেট জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আয়োজকদের তথ্যমতে, জেলা ও উপজেলা পর্যায় থেকে শুরু হওয়া আঞ্চলিক পর্বে প্রায় ১ লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরবর্তীতে বিভিন্ন ধাপ অতিক্রম করে সেরা প্রতিযোগীরা রাজধানীর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত জাতীয় পর্বে অংশগ্রহণ করে।

এবারের আসরে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার এবং মার্শাল আর্ট—মোট আটটি ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল।

সমাপনী দিনে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বালক ও বালিকাদের ফুটবল ফাইনাল এবং ১০০ মিটার স্প্রিন্ট অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় অনুষ্ঠিত বালকদের ফুটবল ফাইনালে সিলেট অঞ্চল ২-০ গোলে ময়মনসিংহ অঞ্চলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এরপর বালিকাদের ফুটবল ফাইনাল শুরু হয়।

বিকেল ৫টায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।