স্টাফ রিপোর্টার | ০৩ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সবাই মিলে দেশকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে হবে, যাতে আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ দেশ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়।
সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন পরিবেশ সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সম্পর্কিত। তিনি উল্লেখ করেন, ৩০-৪০ বছর আগের তুলনায় বর্তমানে ঢাকা শহরসহ জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের রাস্তাঘাট, বাজার ও জনসমাগমস্থলে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ব্যবহৃত টিস্যুসহ বিভিন্ন ধরনের আবর্জনা যত্রতত্র ফেলে রাখার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।
ময়লা-আবর্জনা সঠিকভাবে ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ মানুষ হেঁটে কিংবা গণপরিবহনে চলাচল করেন। রাস্তাঘাটে ছড়িয়ে থাকা আবর্জনা ও দুর্গন্ধ সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ায়। সবাই যদি সচেতন হয়ে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলেন এবং যথাযথভাবে তা অপসারণ করা হয়, তাহলে পরিবেশ যেমন পরিচ্ছন্ন থাকবে, তেমনি দেশও হবে আরও সুন্দর।
নিজের বাসার উদাহরণ টেনে তিনি বলেন, কেউই নিজের ঘরবাড়ি নোংরা দেখতে চান না। তাহলে দেশের পরিবেশও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। কবির ভাষায় ‘সবুজ শস্য-শ্যামলা’ বাংলাদেশকে আরও সুন্দর করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অনেক পুকুর ও জলাশয়ে এবং তার আশপাশে আবর্জনার স্তূপ দেখতে পেয়েছেন। অথচ একসময় এসব স্থানে মানুষ পরিবার-পরিজন নিয়ে সময় কাটাত। এ ধরনের পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, পরিচ্ছন্ন কর্মীরা বিভিন্ন স্থান পরিষ্কার করলেও পরে আবার সেখানে ময়লা ফেলা হয়। যদি সবাই পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখে, তাহলে পরবর্তী দর্শনার্থীরাও একটি সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন।
সচেতনতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, আজ থেকেই যদি প্রত্যেকে নিজের ব্যবহৃত আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলেন, তাহলে ধীরে ধীরে বাংলাদেশকে আবর্জনামুক্ত ও পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
ভিডিও বার্তার শেষাংশে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দেশটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটাই আমি চাইছি।”





