জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাসহ তিনজনকে অটোরিকশা-রিকশা উপহার প্রধানমন্ত্রীর

আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সিএনজি, ব্যাটারিচালিত ও প্যাডেল রিকশা দিলেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার | ৮ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাসহ তিন ব্যক্তির আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা, দুটি ব্যাটারিচালিত রিকশা ও দুটি প্যাডেল রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এসব উপহার তুলে দেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান।

উপহার দেওয়ার সময় প্রধানমন্ত্রী প্রত্যেকের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন।

সিএনজিচালিত অটোরিকশা পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা ও মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। তিনি সিএনজি চালিয়ে নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারের ভরণপোষণ করেন। জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর-১০ এলাকায় অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ হন। তার শরীরে ৩৬টি গুলির স্পিন্টার বিদ্ধ হয়।

উপহার দেওয়ার সময় প্রধানমন্ত্রী তাকে বলেন, ‘অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে।’

কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফারকে দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেন এবং নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দেন। তিনি জানান, উপহার পাওয়া একটি রিকশা ঢাকায় চালিয়ে জীবিকা নির্বাহ করবেন এবং অন্যটি ভাড়া দেবেন।

এছাড়া বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের অভাবে তিনি দীর্ঘদিন ধরে কষ্টে জীবনযাপন করছিলেন।

প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার পাওয়া বাহনগুলো কীভাবে পরিচালনা করা হবে, তা প্রত্যক্ষ করেন। পাশাপাশি নিরাপদে এসব বাহন নিয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।