স্টাফ রিপোর্টার | ১৫ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে পরাজিত করার পর হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি পুলিশ একাডেমিতে আয়োজিত রাজনৈতিক সমাবেশে ট্রাম্প বলেন, ‘ইরানকে পরাজিত করার কাজ শেষ করার পর আমি খুব শিগগিরই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।’ এ সময় তিনি মুচকি হাসেন এবং দাবি করেন, যুদ্ধে ইরান খুব খারাপভাবে পরাজিত হচ্ছে।
পরে ট্রাম্প বলেন, ‘এটা সত্যি।’
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং দেশটিতে গণঅভ্যুত্থান উসকে দেওয়ার ঘোষিত লক্ষ্য নিয়ে ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র।
তবে পাল্টা জবাব হিসেবে ইরান হরমুজ প্রণালীর একটি বড় এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি ও অন্যান্য পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো অচলাবস্থা চলছে।
ইরান বেসামরিক জাহাজ চলাচলের ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছে। অন্যদিকে, ইরানের অর্থনীতিকে দুর্বল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দেশটির বন্দরগুলো অবরোধ করে রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সমাবেশে উল্লসিত সমর্থক ও পুলিশ সদস্যদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমাদের অবরোধ রয়েছে। আমরা চাইলে তবেই কোনো জাহাজ সেখান দিয়ে যেতে পারবে।’





