স্টাফ রিপোর্টার | ১৯ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হবে। নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
আজ বুধবার বিকেলে সংসদ ভবনে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
চিফ হুইপ বলেন, দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া হবে। দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। নির্বাচন কমিশন ও সংসদ যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে, ভোট শুরুর পাঁচ মিনিট আগে থেকে ভোটগ্রহণের লাইভ টেলিকাস্ট শুরু হবে।
তিনি জানান, রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভোট প্রদান সরাসরি সম্প্রচার করা হবে।
নুরুল ইসলাম মনি বলেন, এসব ভোট দেওয়া শেষ হলে পরবর্তী ভোটগ্রহণ প্রক্রিয়া রেকর্ড করা হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আবারও লাইভ টেলিকাস্ট শুরু হবে। এরপর ফলাফল ঘোষণাও সরাসরি সম্প্রচার করা হবে।
তিনি বলেন, আগামীকাল ইতিহাসের একটি মাহেন্দ্রক্ষণ তৈরি হবে। এর মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে।
নতুন রাষ্ট্রপতির শপথের বিষয়ে চিফ হুইপ বলেন, আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন।
দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন যাত্রার কথা তুলে ধরে নুরুল ইসলাম মনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আন্দোলন ও সংগ্রাম করা হয়েছে। সেই সংগ্রামের ফলশ্রুতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে সরকার গঠন করা হয়েছে। এখন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
তিনি বলেন, সরকার ও বিরোধী দলকে অন্তর্ভুক্ত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অগ্রগতির ধারা অব্যাহত রাখতে তারা কাজ করতে চান।
চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে কীভাবে ভোটগ্রহণ হয়, দেশের মানুষ তা আবারও প্রত্যক্ষ করবে। এর মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে।
সংবাদ সম্মেলনে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জি কে গউছ, সংসদ সদস্য আমিরুল ইসলাম আলিম, খন্দকার আবু আশফাক ও প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভা শুরু হয়। সভা শেষ হয় বিকেল ৪টা ৪০ মিনিটে। বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।
দীর্ঘ ৩৫ বছর পর এবার প্রথমবারের মতো একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপর প্রার্থী জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোট মনোনীত কর্নেল (অব.) অলি আহমেদ।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য।
১৯৯১ সালের ৮ অক্টোবর সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দোজা চৌধুরীকে ৯২ ভোটে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন।





