স্টাফ রিপোর্টার | ১ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বিনিয়োগ ও যাত্রীবান্ধব বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬ প্রণয়নের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং বেসামরিক বিমান চলাচলে সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন বিধিমালায় প্রয়োজনীয় বিধান যুক্ত করা হবে।
আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬-এর খসড়া চূড়ান্তকরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৪২ বছর পর নতুন বিধিমালা
মন্ত্রী বলেন, দীর্ঘ ৪২ বছর পর বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ১৯৮৪ সংশোধন করে নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার বেসামরিক বিমান খাতে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তাই নতুন বিধিমালা অবশ্যই ব্যবসা ও বিনিয়োগবান্ধব হতে হবে।
উপস্থিত এয়ারলাইন্স প্রতিনিধিদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিনিয়োগ সহজীকরণের লক্ষ্যে বিধিমালা প্রণয়নে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বেসরকারি এয়ারলাইন্সের সুবিধায় বিধান সংশোধন
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বেসরকারি এয়ারলাইন্সগুলোর সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে বিমান রক্ষণাবেক্ষণ সুবিধা সংক্রান্ত বিধানে সংশোধন আনার উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া বিমানের জটিল যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহলের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
কেপটাউন কনভেনশনের শর্ত অনুসরণ করে বিমান-সম্পর্কিত সম্পদের আন্তর্জাতিক অর্থায়ন ও লিজিংয়ের অধিকার সুরক্ষায় ইরেভোকেবল ডিরেজিস্ট্রেশন অ্যান্ড এক্সপোর্ট রিকোয়েস্ট অথরাইজেশন (IDERA) সংক্রান্ত বিধি যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
বিমানবন্দরের অগ্নিনিরাপত্তায় নিয়মিত মহড়া
মন্ত্রী বলেন, বিমানবন্দরের ভৌত অবকাঠামোর অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে তিন মাস অন্তর পরিদর্শন ও অগ্নিনিরাপত্তা মহড়ার আয়োজন করতে হবে।
দেশি-বিদেশি এয়ারলাইন্সের উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের সুবিধার্থে আন্তর্জাতিক মানের মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল (MRO) ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সবার সহযোগিতায় বাংলাদেশকে একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য পূরণ হবে বলে আশা প্রকাশ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী।
সভায় বিভিন্ন প্রস্তাব
সভায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন বেসরকারি এয়ারলাইন্সের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
নতুন বিধিমালা প্রণয়নে প্রস্তাবিত ধারাসমূহ নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।





