স্টাফ রিপোর্টার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তিনি স্কুলটি পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব (ওডব্লিউসিসি)-এর সভাপতি সালেহা খান প্রধান অতিথি ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান।
স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা ফুল দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেয়।
বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন
পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান স্কুলের বিভিন্ন শ্রেণি কার্যক্রম ঘুরে দেখেন। একই সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত হাইড্রোথেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজি ও মিউজিক থেরাপিসহ শিশুদের সার্বিক বিকাশমূলক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় স্কুলের অধ্যক্ষ শিক্ষা কার্যক্রম, কারিগরি প্রশিক্ষণ, থেরাপি সুবিধা এবং মেডিকেল ইমার্জেন্সি ব্যবস্থাসহ প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রধান অতিথিকে অবহিত করেন।
বর্তমানে স্কুলটিতে ২৮ জন বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ও থেরাপিস্ট বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছেন।
প্রতি পাঁচ শিক্ষার্থীর জন্য শিক্ষক ও সহকারী
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে ২০২১ সালে প্রতিষ্ঠিত ‘ব্লু স্কাই’ স্কুলে প্রতি পাঁচজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক এবং একজন সিস্টার বা ব্রাদার দায়িত্ব পালন করছেন।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি শিক্ষার আওতায় ইতোমধ্যে কয়েকজনকে সহকারী থেরাপিস্ট হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে।
বাফওয়ার বিভিন্ন উদ্যোগ পরিদর্শন
ডা. জুবাইদা রহমান বাফওয়া ক্রাফটস অ্যান্ড বুটিক, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রকল্প এবং বাফওয়া ইন্ডাস্ট্রিয়াল হোমের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রীও দেখেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ
পরিদর্শন শেষে ‘ব্লু স্কাই’ স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং ‘বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা গান, নৃত্য ও ফ্যাশন শোসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়। পরে শিশুদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন ডা. জুবাইদা রহমান।
এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও থেরাপি সুবিধা প্রদান এবং নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে বাফওয়ার মানবিক উদ্যোগের প্রশংসা করেন তিনি।
শুভেচ্ছা স্মারক প্রদান
অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (BAFWWA) এবং আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের (OWCC) পক্ষ থেকে ডা. জুবাইদা রহমানের হাতে শুভেচ্ছা স্মারক ও বিশেষ উপহার হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি ছবি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন BAFWWA ও OWCC-এর সভানেত্রী সালেহা খান।
পরে বাফওয়ার বিভিন্ন কর্মসূচি এবং ‘ব্লু স্কাই’ স্কুলের কার্যক্রমের ওপর নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন ‘ব্লু স্কাই’ স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর উল্লাহ (পিএসসি)।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বাফওয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রীবৃন্দ, বাফওয়া এ কে খন্দকার ও বাশার শাখার প্রতিনিধিবৃন্দ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





